
রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি
স্টেডিয়ামে ৮টি দল নিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল
চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল অ্যাসোসিশেনের উদ্যোগে শুক্রবার থেকে
জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে বগুড়া জেলা মহিলা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা জেলা মহিলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের রিতা ২টি ও খাদিজা ১টি গোল করেন।
দিনের অন্য খেলায় কিশোরগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ২-০ গোলে খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের কানম ও শাপলা ১টি করে গোল করেন।
শনিবার স্বাগতিক রাজশাহী, মাগুরা, সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ জেলা মহিলা ফুটবল দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হলো যথাক্রমে ‘ক’ গ্রুপে রংপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও গাইবান্ধা জেলা। ‘খ’ গ্রুপে স্বাগতিক রাজশাহী, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও মাগুরা জেলা মহিলা দল।
এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।
এ সময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মিডিয়া কমিটির আহবায়ক জিয়া হাসান হিমেল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শামসুজ্জামান রতন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।



0 Comments